
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে এবং যেকোনো ধরনের চাঁদাবাজি ও অপরাধ কঠোরভাবে দমন করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে সার্বিক নিরাপত্তা তদারকিতে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিন এই সেল সার্বক্ষণিক কার্যকর থাকবে।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর হটলাইন চালু থাকবে।
তিনি জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট থাকবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা ও জালনোট শনাক্তে ব্যাংকের বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ‘অঙ্গীভূত আনসার’ও মোতায়েন করা হবে।
সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। চামড়া পাচার ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কোরবানির চামড়ার গুণগত মান রক্ষায় জবাইয়ের দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের প্রচারণা চালানো হবে। এ জন্য প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।
এছাড়া ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।