
নিজস্ব প্রতিবেদক:
দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং নগর অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir।
মঙ্গলবার সচিবালয়ে International Labour Organization (আইএলও)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং China State Construction Engineering Corporation-এর প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন এবং অবকাঠামো খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইএলও প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো প্রয়োজন।
তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং নির্মাণ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।