
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি আইইএর সর্বশেষ তেলবাজার বিশ্লেষণের বরাতে এ তথ্য জানিয়েছে।
আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসে ওপেকভুক্ত দেশগুলোর সম্মিলিত তেল উৎপাদন দৈনিক ৬ লাখ ২০ হাজার ব্যারেল কমে দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ ৮০ হাজার ব্যারেলে।
প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসেও হরমুজ প্রণালিতে অবরোধ ও আঞ্চলিক সংঘাতের কারণে ওপেকের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মার্চ ও এপ্রিল—এই দুই মাস মিলিয়ে ওপেকের দৈনিক মোট উৎপাদন কমেছে প্রায় ৯৫ লাখ ৭০ হাজার ব্যারেল।
আইইএ আরও জানিয়েছে, এ সময়ে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রায় ৩২ শতাংশ পতন ঘটেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা সদস্য দেশগুলো উৎপাদন ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
এমন পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন চাপ উপেক্ষা করে তেহরান তাদের জ্বালানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।