
‘বাংলাদেশ থেকেই তৈরি হবে মেসি-রোনালদো-এমবাপ্পে’—প্রাথমিক গোল্ডকাপের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২০ জুন ২০২৬:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শিশুদের মধ্য থেকেই একদিন বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয়ে দেশের শিশুরাই আগামী দিনে মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, “তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এবং সংস্কৃতি চর্চায় দক্ষ হতে হবে। তাহলেই একটি সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্য থেকেই উঠে আসবে। অলিম্পিকেও বাংলাদেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে হবে।”
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল শিশুদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমেও বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করবে। শিশুদের মেধা বিকাশে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “যে গান গাইতে চায়, ছবি আঁকতে চায় কিংবা কোরআন তেলাওয়াত শিখতে চায়—সবার জন্য সুযোগ তৈরি করা হবে। শিশুদের বহুমুখী প্রতিভা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জানান, এ বছর মাধ্যমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার’স কাপ’ চালু করা হবে।
অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান প্রধানমন্ত্রী। “কে কে খেলতে চাও?”—এ প্রশ্নে অসংখ্য শিক্ষার্থী হাত তুললে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “এ বছর ২২ লাখ বালক-বালিকা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। শুধু ফুটবল নয়, ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে হবে। তোমাদের সব ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।”
এদিন রাজশাহীর পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের নৈপুণ্যে মুগ্ধ হন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্বে অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।