কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের
কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একটি মাছের ঘেরের সামনে থেকে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকাঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে তিনি ও তাঁর ছেলে পৃথকভাবে নিজ নিজ মাছের ঘেরে যান। রাতে সঞ্জিব বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর ৪টার দিকে সঞ্জিবের মাছের ঘেরের ঘরের সামনে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সঞ্জিবকে একাধিকবার মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন স্বজনরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।