
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ এবং সামগ্রিক পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এই কড়া নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের চলমান পরিবেশবান্ধব উদ্যোগগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, পরিবেশ রক্ষায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।