
দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের গতি আনতে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রায় আড়াই লাখ কোটি টাকার এসব প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে নতুন এমআরটি লাইন-৫ (সাউদার্ন) এবং সংশোধিত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্প রয়েছে।
প্রকল্পগুলোর আর্থিক সহায়তার বিষয়ে জানানো হয়, এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অন্যদিকে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পে অর্থায়ন করছে জাপান। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের ব্যয় ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা এবং ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পের জন্য ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ধরা হয়েছে।