
দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর গ্রহণকেন্দ্রের ডিপোতে নতুন চালানে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল এসে পৌঁছেছে। এটি এই পাইপলাইনের ৭২তম চালান। পার্বতীপুর রেল ডিপোর পরিচালনা ব্যবস্থাপক মো. রবিউল জানান, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ভারত থেকে জ্বালানি তেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তা সম্পন্ন হয়।
২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরের মধ্যে ভারত থেকে মোট ২০ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ও ভারত। সেই ধারা বজায় রেখে ২০২৩ সালের মার্চ মাসে এই মৈত্রী পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল দেশে আনা হয়েছে। আমদানি করা এই জ্বালানি তেল রাষ্ট্রীয় তিন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম, যমুনা তেল কোম্পানি ও পদ্মা তেলের মধ্যে প্রায় সমানভাবে ভাগ করে বিতরণ করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই পাইপলাইনের বাংলাদেশ অংশের মোট দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়, নীলফামারী এবং দিনাজপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে এটি পার্বতীপুরের মূল ডিপোতে এসে মিলেছে। সূত্র: বাসস।