
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সংলাপ জোরদারে ইউএসটিআর প্রতিনিধির আসন্ন ঢাকা সফর
ঢাকা, মঙ্গলবার: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে শিগগিরই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টেটিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।
আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক উদাহরণ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই লাভজনক হবে।
রাষ্ট্রদূত আরও জানান, আসন্ন সফরে ইউএসটিআর প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। এর মাধ্যমে বাণিজ্য সংলাপ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬’ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ কাজ করছে। খুব শিগগিরই এ নীতির খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, ইউএসটিআর প্রতিনিধির এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে এবং ভবিষ্যতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।