
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। নিহতদের অধিকাংশই ধানকাটা শ্রমিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার ভোররাতে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার পরিচয় জানা না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সবাই মান্দা উপজেলা এর ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামের বাসিন্দা। নিহতরা পেশায় ধানকাটা শ্রমিক ছিলেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারাও ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।”
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।