
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সৌদি বিমানবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত যুদ্ধবিমানগুলোর মালিক হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এই অস্ত্র বিক্রির ফলে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তাছাড়া ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে সৌদির জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে এই অস্ত্র চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়টি সামনে চলে এসেছে। একইসঙ্গে সৌদির হাতে এই প্রযুক্তি পৌঁছালে চীনের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির আশঙ্কা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই বিক্রির ঘোষণা এল, যখন গত বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, মারিবের আকাশে তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংঘাতপূর্ণ এই এলাকায় মার্কিন বিমানের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।