
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর প্রক্রিয়া ফের শুরু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এর ফলে সারা দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার পেট্রোবাংলা জানিয়েছিল, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের মহেশখালী এলাকায় এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর ব্যাহত হচ্ছিল। প্রতিকূল পরিস্থিতির ফলে গ্যাস সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সরবরাহ কিছুটা কমে গিয়েছিল। তবে আবহাওয়ার উন্নতির সাথে সাথে দ্রুততম সময়ে প্রক্রিয়াটি সচল করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।