
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর সম্পন্ন করে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।
ভ্রমণসূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় দুবাই পৌঁছাবে। এরপর দুবাই থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। পাঁচ দিনের এই ব্যস্ত সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।