• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র মদিনা শরিফের মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে মদিনার ‘তাইবা’ নামের ওই বিদ্যুৎ কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সংবাদমাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করে।

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত, অপারেশনাল পর্যালোচনা এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। ড্রোনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে স্পষ্ট হয়েছে যে, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে হুতি গোষ্ঠীই ছিল। হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সামগ্রিক বিদ্যুৎ গ্রিডে কোনো বিপর্যয় ঘটেনি।

আল-মালিকি অভিযোগ করেন, মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোকে টার্গেট করে হুতিদের ধারাবাহিক ধ্বংসাত্মক চেষ্টার অংশ এটি। এ ধরনের হামলা বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা মাত্র। এর আগেও মক্কার উদ্দেশ্যে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করার তথ্য উল্লেখ করে তিনি বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি এবং দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা চালু থাকবে।

অন্য দিকে সৌদি জোটের এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। তাদের পরিচালিত সাবা বার্তা সংস্থাকে উদ্ধৃত করে হুতিদের একটি সামরিক সূত্র দাবি করেছে, মদিনায় ড্রোন হামলা চালানোর যে দাবি সৌদি জোট করছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ