
কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় মহিষের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে আবু সালেহ (৩০) ও তার বাবা নুরআলম হা ওলাদারকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত আবু সালেহ বলেন, দীর্ঘ দিন ডেঙ্গু জ্বরে অসুস্থ ছিলেন তিনি। সুস্থ হয়ে আজই তার বাবার কথায় তাদের মহিষ মাঠে বেধে রেখে ঘাস কাটতে ছিলেন। হঠাৎ তার চাচাতো ভাই আবদুল্লাহ, আসাদুল এবং চাচা হাবিব হাং ও আবুল বাসার সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়। এ সময় তার বাবা তাকে বাচাতে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এতে তারা পিতা পুত্র দুজনেই গুরুতর আহত হন। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।
আহত আবু সালেহর বাবা নুর আলম হাং জানান, তার ছেলে মহিষের ঘাস কাটতে গেলে তার উপর অতর্কিত হামলা চালায় তার দুই ভাই ও ভাইয়ের ছেলেরা। তিনি ছাড়াতে গেলে তাকেও কুপিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় অভিযুক্ত হাবিব হাওলাদার বলেন, মহিষ তাদের ধানের বীজ খেয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় মারপিটের কথা স্বীকার করেছেন তিনি। তবে তার ভাই নুর আলমকে কেহ মারেনি। আবু সালেহর হাতে থাকা ঘাস কাটার কাচিতে আঘাত পেয়েছেন বলে তিনি দাবি করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##