• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভোজ্যতেলের দাম আবারও বাড়ল: লিটারপ্রতি সয়াবিন ১৯৯ টাকা নির্ধারণ

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ভোজ্যতেলের দাম আবারও বাড়ল: লিটারপ্রতি সয়াবিন ১৯৯ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৯ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা।

এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ টাকায়। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎস পর্যায়ে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। “বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই মূল্য বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই দাম সমন্বয় করা হয়েছে,” বলেন তিনি।

সরকার আশা করছে, নতুন মূল্য নির্ধারণের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ভোক্তাদেরও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়টি দেখার আহ্বান জানান মন্ত্রী।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ সচল রাখতে দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হলেও এর সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপের মধ্যে ভোজ্যতেলের নতুন দাম সাধারণ মানুষের ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ