
সুরমা নদীর দুই তীরে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তারেক রহমান
সিলেট নগরের সুরমা নদী-এর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টার দিকে নগরের চাঁদনীঘাট এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি নদীভাঙন রোধেও ইতিবাচক প্রভাব পড়বে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।