
দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু
বান্দরবান প্রতিনিধি | সাইফুল ইসলাম
দুর্গম পার্বত্য জেলা বান্দরবানে গর্ভবতী নারী ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন। এ উদ্যোগের অংশ হিসেবে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
গত ২ আগস্ট ২০২৬, বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সম্মিলিত সামরিক হাসপাতাল, সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১১টি সম্প্রদায়ের মোট ১৮ জন নারী অংশগ্রহণ করছেন।
বান্দরবান বাংলাদেশের অন্যতম দুর্গম পার্বত্য জেলা। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় বহু পাহাড়ি পাড়া মূল জনপদ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দুর্গম পাহাড়ি পথ, দীর্ঘ দূরত্ব এবং প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এসব এলাকার মানুষ নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। জরুরি পরিস্থিতিতে রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় অনেক সাধারণ রোগও জটিল আকার ধারণ করে।
বিশেষ করে গর্ভবতী নারীদের গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসবকালীন ঝুঁকি শনাক্তকরণ এবং নবজাতকের প্রাথমিক পরিচর্যার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই বান্দরবান সেনা রিজিয়ন প্রতিটি পাড়া থেকে শিক্ষিত ও আগ্রহী নারীদের নির্বাচন করে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ নিজ এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বান্দরবান রিজিয়নের উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রশিক্ষণ কর্মসূচি দুর্গম পার্বত্য অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি সময়োপযোগী, মানবিক ও দূরদর্শী পদক্ষেপ। ভবিষ্যতে এ উদ্যোগ বান্দরবানসহ দেশের অন্যান্য দুর্গম পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
এদিকে, স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।