
নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের বিকল্প উৎস খুঁজছে সরকার। সংকট সমাধানে প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রয়োজন মেটাতে সম্ভাব্য সব বিকল্প উৎস বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।
তিনি বলেন, ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পরিবর্তন বাস্তবায়নে আরও সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অবৈধ অভিবাসন বন্ধে সরকার কাজ করছে বলেও জানান শামা ওবায়েদ। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা ছাড়া দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধান কঠিন।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।