
উপশিরোনাম:
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ; প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও কর্নেল (অব.) অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও সুচারুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।
বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের ঘাটতি নেই বলেও জানান তিনি।
সিইসি বলেন, দীর্ঘদিন পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯১ সালের পর দেশে আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও দীর্ঘদিন পর এ ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ঘাটতি বা সমন্বয়ের সমস্যা না থাকে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ভোট দেবেন।
ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময়ও লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
সিইসি জানান, ভোট দেওয়ার পর সংসদ সদস্যরা চাইলে ভোট গণনার সময়ও সংসদ অধিবেশন কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ভোটগ্রহণ শেষে প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, কতটি ভোট বৈধ বা বাতিল হয়েছে—এসব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে।
নির্বাচনে যে প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজনকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু ও শেষ করা হবে।