
দেশের শিল্পকারখানায় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকের পর ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল থেকেই মিল-কারখানায় জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে, যা আমাদের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়ায় ফেরার সুযোগ করে দেবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বিষয়টিকে অত্যন্ত স্বস্তিদায়ক হিসেবে উল্লেখ করে জানান, নতুন সংকট সৃষ্টির আগের যে স্বাভাবিক পরিস্থিতি ছিল, প্রধানমন্ত্রী সেই অবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আগামী রাত থেকেই শিল্পাঞ্চলে এই ইতিবাচক পরিবর্তন কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।