
রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের রেশ না কাটতেই এবার কাফরুল থানার সামনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় যে, ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দিনগত রাতে রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ একাধিক এলাকায় সিরিজ ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
যাত্রাবাড়ী এলাকায় বিস্ফোরণে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে বড় ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে।