
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের লেনদেনে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে বাজার প্রধান সূচকের উত্থান ঘটলেও উল্টো চিত্র ছিল বাজার মূলধনের ক্ষেত্রে। আলোচ্য সময়ে সূচক বাড়লেও বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা, যা শতাংশের হিসেবে দশমিক ২৬ শতাংশ। এর ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা।
বাজার মূলধন কমলেও সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ বেশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যেখানে আগের সপ্তাহে এই লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকা।
সূচকের সার্বিক পরিসংখ্যানে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে পৌঁছেছে। একই ধারায় ডিএসইর অন্যান্য সূচকগুলোও ইতিবাচক অবস্থানে ছিল। এর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে লেনদেন শেষ করেছে।