
ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক আর্থিক লেনদেন সম্পূর্ণ চার্জমুক্ত বা ফ্রি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যবস্থার মাধ্যমে যেকোনো ধরনের লেনদেনে গ্রাহক বা ব্যবসায়ী কাউকে কোনো বাড়তি ফি দিতে হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষকে এই ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ যেকোনো ব্যাংক বা আর্থিক সেবা দাতার অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে নাগরিকদের কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না, যা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।
নতুন এই প্রযুক্তি ব্যবহারের শুরুতে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি যোগ করেন, বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে ক্যাশলেস লেনদেন ইতিমধ্যে অত্যন্ত সফল ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। সেই আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক এই প্রযুক্তিকে দেশজুড়ে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
ডিজিটাল লেনদেনের এই আধুনিক সুযোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে একটি নিরাপদ ও ক্যাশলেস অর্থনৈতিক বাংলাদেশ বিনির্মাণে দেশের সব সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো ধরনের দ্বিধা ছাড়াই সরকারের এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।