
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (দৈনিক ক্রাইম বাংলা) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় অমর একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাজতে থাকলে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে শহীদ মিনারে এসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান।