
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে দেশের সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ছয়টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু করা হবে। ঢাকার আগেই দুটি সিটি করপোরেশনে ভোট হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
নির্বাচন কতদিনের মধ্যে শেষ করা হবে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন প্রতিষ্ঠানের মেয়াদ ভিন্ন সময়ে শেষ হওয়ায় পর্যায়ক্রমেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়।
দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না— এ বিষয়ে তিনি জানান, এ সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে এবং সেবা কার্যক্রম আরও কার্যকর হবে বলে সরকার মনে করছে।