
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।
এ সময় তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। ডাকটিকিট ও অন্যান্য সামগ্রীতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এদিকে, ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী আসরটি অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ত্রিদেশীয় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে এই আয়োজনকে স্মরণীয় করে রাখা হলো।