
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে দীর্ঘস্থায়ী সংকটের সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সুইডেনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ৪ অক্টোবর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনার সময় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া বেগবান করা এবং রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের দীর্ঘদিনের অবদানের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া, গত মাসে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যা অন্তর্ভুক্তকরণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে আয়োজক হিসেবে কাজ করেছে। এই চমৎকার সহযোগিতার জন্য সুইডেন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের পরিধি বিস্তারের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুইডেনকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি, ওষুধ শিল্প, প্রকৌশল এবং টেলিযোগাযোগ খাতের উন্নয়নের মাধ্যমে সুইডেনকে এই বিনিয়োগের ক্ষেত্রগুলোতে কাজ করার আহ্বান জানান তিনি।
সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে অভিনন্দন জানান। জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় ও প্রসারিত করার বিষয়ে সুইডেনের অকুন্ঠ প্রস্তুতির কথা পুনরায় নিশ্চিত করেন।