উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন: রিজওয়ানা তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুরের দায়িত্ব এলজিআরডি
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দফতরগুলো পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা জারির পর মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
নতুন দায়িত্ব বণ্টনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আসিফ নজরুলকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।
এর পাশাপাশি ড. আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকবেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।
প্রধান উপদেষ্টার অধীনে বর্তমানে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।






















