
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে গভীর রাতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ ক্ষোভ প্রকাশ করেন। তিনি একটি ভিডিও আপলোড করেন, যেখানে সালমান মুক্তাদিরকে নিজের আক্রান্ত স্টুডিওর ভেতরে ঘটে যাওয়া হামলা ও লুটপাটের বর্ণনা দিতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির সালমানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’